img

বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিতীয় ওয়ানডেতে সালমান আলী আগার বিতর্কিত রানআউটের পর সামাজিক মাধ্যমে নতুন বিতর্ক তৈরি করেছেন সাবেক ভারতীয় অলরাউন্ডার অজয় জাদেজা। তিনি এ ঘটনাকে ২০২৩ বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথিউসের টাইমড-আউটের সঙ্গে মিলিয়ে মন্তব্য করেছেন।

এক্স-এ জাদেজা লিখেছেন, 'অ্যাঞ্জেলো ম্যাথিউসের টাইমড-আউট থেকে সালমান আলী আগার বিতর্কিত রানআউট… মনে হচ্ছে বাংলাদেশকে বিশ্বাস করা একটি অপরাধ। বাংলাদেশের বিপক্ষে খেলার সময় সব দলকে অতিরিক্ত সতর্ক থাকতে হবে।'

ঘটনাটি ঘটেছিল ৩৯তম ওভারে। মোহাম্মদ রিজওয়ানের সরাসরি শটে বল পিচের কাছে থামান মিরাজ। বলটি ডেড মনে করে সালমান ক্রিজের বাইরে বেরিয়ে বল তুলে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু মিরাজ দ্রুত বল তুলে নিয়ে স্টাম্পে মারেন। 

সালমান ক্রিজের বাইরে থাকায় তৃতীয় আম্পায়ার তাকে আউট দেন। এই আউট আইনসম্মত হলেও ক্রিকেটের স্পিরিটের প্রশ্নে সমর্থক ও বিশ্লেষকদের মধ্যে বিতর্ক তৈরি করেছে।

জাদেজার মন্তব্যে টাইমড-আউটের প্রসঙ্গও এসেছে। ২০২৩ বিশ্বকাপে শ্রীলংকার ম্যাথিউস হেলমেটের সমস্যার কারণে নির্ধারিত সময়ের মধ্যে স্ট্রাইকে আসতে পারেননি। ফলে বাংলাদেশ দল টাইমড আউটের আবেদন করে, আম্পায়ার তাতে সাড়া দেন। এরপর তৎকালীন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান সেই আবেদন তুলে নেননি। ম্যাথিউস আউট হন। এটি আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথম টাইমড-আউটের ঘটনা। সেই ঘটনাও ক্রিকেটের স্পিরিট নিয়ে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল।

এই বিভাগের আরও খবর